পটুয়াখালীর দুমকিতে জমি নিয়ে বিরোধের জেরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং তা না পেয়ে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে একই গ্রামের ফিরোজ হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে। এ সময় বাদীর স্ত্রী ও ছেলেকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার পটুয়াখালীর দ্রুত বিচার আদালতে মামলা করেছেন পশ্চিম বাঁটরা গ্রামের কাজী নাসির উদ্দিন (৬৮)।
মামলার অভিযোগে বলা হয়, একই গ্রামের ফিরোজ হাওলাদার (৫০) এর নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল গত ৭ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাদীর বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের টিনের ছাউনি ও বেড়াসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়। হামলাকারীরা বিরোধীয় জমিতে থাকা ১৫টি মেহগনি, পাঁচটি রেইনট্রি ও ১৮টি কলাগাছ কেটে ফেলে। এ সময় মূল্যবান গাছও কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
বাদীর অভিযোগ, ঘটনার আগে আসামিরা তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাট চালানো হয়। হামলার সময় তাঁর স্ত্রী ও ছেলেকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
এ ঘটনায় ফিরোজ হাওলাদারকে প্রধান করে আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪/৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ফিরোজ হাওলাদার। তিনি বলেন, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে তাঁকে ফাঁসাতে বাদীপক্ষ নিজেরাই ভাঙচুরের নাটক সাজিয়েছে।
মামলার বিষয়ে আদালতের পরবর্তী কার্যক্রম এবং পুলিশি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
#










