মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক ও ইতালি প্রবাসী মোঃ কামাল হোসেন তালুকদার। এ লক্ষ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কুনিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও ভোটারদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কামাল হোসেন তালুকদার কুনিয়া ইউনিয়নের কৃতী সন্তান। তিনি ইতালিতে ব্যবসা পরিচালনার পাশাপাশি একজন রেমিট্যান্স যোদ্ধা ও সমাজসেবক হিসেবে পরিচিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নির্দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।
সংবর্ধনা শেষে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও মব সন্ত্রাস বন্ধসহ বিভিন্ন বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।
কামাল তালুকদার বলেন, “আমরা কুনিয়া ইউনিয়নকে মাদারীপুরের মধ্যে এক নম্বর আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। অতীতের সব জঞ্জাল মুছে ফেলে ইউনিয়নকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মানবিক সহাবস্থান নিশ্চিত করে একটি শান্তিপ্রিয় ও বাসযোগ্য ইউনিয়ন গড়তে চাই।”
তিনি আরও বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা, মানুষের নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কুনিয়া ইউনিয়নকে একটি যুগোপযোগী ইউনিয়নে রূপান্তর করাই তার লক্ষ্য। এ জন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে কামাল তালুকদার আশা প্রকাশ করে বলেন, কুনিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ, স্বতঃস্ফূর্ত ও অংশগ্রহণমূলক হবে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি প্রত্যাশা করেন।
তিনি মনে করেন, নিরপেক্ষ নির্বাচন হলে কুনিয়া ইউনিয়নের জনগণের ব্যাপক সমর্থন নিয়ে বিজয়ী হওয়ার সুযোগ রয়েছে। নির্বাচিত হলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় কুনিয়া ইউনিয়নের সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









