মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে প্রায় ১৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র। সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারি অর্থে নির্মিত স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকায় নষ্ট হতে বসেছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। বর্তমানে ভবনটির চারপাশ ঝোপঝাড়ে ঢেকে গেছে, সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে উপ-স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এটি সচল করার কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সরকারি অর্থে নির্মিত স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের কোনো উপকারে আসছে না।
এলাকাবাসীর অভিযোগ, গত ১৫ থেকে ২০ বছরে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করা ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের পক্ষ থেকে স্বাস্থ্যকেন্দ্রটি চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ ও প্রয়োজনীয় তদবিরের ঘাটতি ছিল। জনপ্রতিনিধিদের সদিচ্ছা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অভাবেই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় লক্ষ্মীপুর ইউনিয়নের সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসাসেবা পেতেও ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদরে যেতে হচ্ছে। এতে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয়ের পাশাপাশি জরুরি রোগীদের দুর্ভোগও বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবার কথা চিন্তা করে সরকারি অর্থ ব্যয়ে স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে এটি পরিত্যক্ত পড়ে আছে। অথচ প্রয়োজনীয় জনবল নিয়োগ ও ভবনটি সংস্কার করে চালু করা হলে ইউনিয়নের হাজারো মানুষ উপকৃত হতেন।
তাঁরা আরও বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি পরিত্যক্ত থাকার পেছনে কী কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় এনে দ্রুত ভবনটি সংস্কার, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রটি চালু করতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে দ্রুত লক্ষ্মীপুর ইউনিয়নের উপ-স্বাস্থ্যকেন্দ্রটি চালু হবে এবং এলাকার মানুষ তাঁদের প্রাপ্য চিকিৎসাসেবা ফিরে পাবেন।









