মাদারীপুর জজকোর্ট চত্বরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোঃ হেমায়েত হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে মারধর করে মাথায় কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আদালত চত্বরে মোল্লা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
আহত হেমায়েত হোসেন মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদি এলাকার মালেক বেপারীর ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত ৫৭০/২৬ নম্বর মামলায় মাদারীপুর জজকোর্টে হাজিরা দিয়ে বের হন হেমায়েত হোসেন। পরে আদালত চত্বরে মোল্লা হোটেলের সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে মামলার আসামিপক্ষের ওবাইদুর রহমানের লোকজনসহ ৮ থেকে ১০ জন তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁকে মারধর করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় ওবাইদুর রহমান, সুজন বেপারী, শাওন বেপারী, বাবু খলিফা, হানিফ খান, নাজমুল খলিফা ও শ্যামল হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ঘটনার পর এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং আইনগত পদক্ষেপের বিস্তারিত জানা যায়নি।









