মাদারীপুরের শিবচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতা সভা ও জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার কাওড়াকান্দি পুরাতন ফেরিঘাট এলাকার চরজানাজাত উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয় এবং মা ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, তার ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পীরজাদা সাঈদ উদ্দীন আহমাদ হানজালা এমপি, মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার এবং মাদারীপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী।
এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও জেলে পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে নির্ধারিত সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি থেকে বিরত থাকতে হবে। মা ইলিশ রক্ষার মাধ্যমে ইলিশের প্রজনন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ করা সম্ভব। এ জন্য সরকারের নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময় ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নদ-নদীতে ইলিশ আহরণসহ সংশ্লিষ্ট কার্যক্রম নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর জীবনযাত্রায় সহায়তা দিতে সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।








