একটি ব্রিজের অভাবে তিন গ্রামের প্রায় ৭ হাজার মানুষ ও ৫০০ শিক্ষার্থীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার করতে হয় তাদের। নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন দুর্ভোগে শঙ্কিত থাকেন অভিভাবকরাও।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া গ্রামের নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে খালটি। এ খাল দিয়ে প্রতিদিন অন্তত ৫০০ শিক্ষার্থীসহ প্রায় ৭ হাজার স্থানীয় বাসিন্দাকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ দুর্ভোগ থেকে রেহাই পেতে স্থানীয় লোকজন খালটির ওপর একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন। কিন্তু সাঁকোটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, নারী ও বয়স্কদের যাতায়াতে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবা বলে, ‘আমি প্রতিদিন এই সাঁকো দিয়ে স্কুলে যাই। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক সময় পা পিছলে পড়ে যাই। যারা ছোট এবং প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। কারণ, তারা সাঁতার জানে না। অনেক সময় খালের পানিতে পড়ে যাওয়ার উপক্রম হয়। এতে সব সময় আতঙ্কে থাকতে হয়। যাতায়াতব্যবস্থা ভালো না থাকায় অনেক অভিভাবক তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতেও আগ্রহ হারাচ্ছেন।’
নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া জানায়, ‘প্রতিদিন এই সাঁকো দিয়েই আমাদের স্কুলে আসতে হয়। সাঁকো দিয়ে আসা-যাওয়ার সময় প্রায়ই আমাদের বই-খাতা খালে পড়ে যায়। স্কুল থেকে তো আর আমাদের বারবার বই দেওয়া হয় না। বই পড়ে গেলে পড়াশোনার অনেক ক্ষতি হয়। তা ছাড়া সব সময় বাবা-মাও আমাদের স্কুলে দিয়ে যেতে পারেন না। আমরা এখানে একটি ব্রিজ চাই।’
পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের আরিফ হোসেন বলেন, ‘এই সাঁকো দিয়ে ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ যাতায়াত করেন। এই সাঁকো পার হতে গিয়ে অনেকবার স্কুলের শিশুরা দুর্ঘটনার শিকার হয়েছে। এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে মানুষের দুর্ভোগ লাঘব হবে।’
আলগী তাফালবাড়িয়া গ্রামের আব্দুল রশিদ খাঁ বলেন, ‘আমাদের এখন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কাছে দাবি, আমাদের দুর্ভোগ লাঘবে এখানে একটি ব্রিজ নির্মাণ করে দেওয়া হোক।’
নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘আমাদের বিদ্যালয়ের উত্তর পাশে একটি বড় খাল রয়েছে। এই খালের ওপর ২৪০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো রয়েছে। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্নভাবে এখানে ব্রিজ নির্মাণের চেষ্টা চালাচ্ছি। কিন্তু অজানা কারণে এখানে ব্রিজ নির্মাণ হচ্ছে না।’
এ বিষয়ে আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন বলেন, ‘আগে ওই সাঁকোর জায়গায় একটি পুল ছিল। পুলটি ভেঙে যাওয়ার পর থেকেই এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা পুল নির্মাণের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি।’








