বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি, সমাবেশ, আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। এ সময় দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শহরের পিডিএস ময়দান থেকে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।










