পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিম কোম্পানির এক কর্মীকে অপহরণ করে মারধর ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর সাবেক সহকর্মী তারেক হাসান রোকনসহ কয়েকজনের বিরুদ্ধে। রোববার সন্ধ্যায় পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাব মোড়সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সারোয়ার জাহান ঈশ্বরদী থানায় মামলা করেছেন। পুলিশ রোকনসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
সারোয়ার জাহান ফেনীর দাগনভূঞা উপজেলার প্রতাপপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে। তিনি ঈশ্বরদীর দিয়াড় সাহাপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিম কোম্পানিতে কর্মরত।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সারোয়ার জাহান সাংবাদিকদের জানান, রোকনও একই প্রতিষ্ঠানে চাকরি করতেন। মাদকাসক্তির অভিযোগে ডোপ টেস্টে পজিটিভ ফল আসার পর তাঁকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। এরপর চাকরি হারানোর জন্য সারোয়ারকে দায়ী করে বিভিন্ন সময় তাঁকে হুমকি দিয়ে আসছিলেন রোকন।
সারোয়ারের অভিযোগ, রোববার সন্ধ্যা ৬টার দিকে সহকর্মী মো. মিজানুর রহমান চান্নুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন তিনি। দিয়াড় বাঘইল ক্লাব মোড়ে পৌঁছালে রোকনসহ কয়েকজন তাঁদের পথরোধ করেন। তাঁকে লাঠি ও দেশি অস্ত্র দিয়ে আঘাত করে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে পাকশীর বাবুপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে রড ও পাইপ দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর আহত করা হয়।
এ সময় তাঁর কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন সারোয়ার। কার্ডের পিন নম্বর দিতে অস্বীকৃতি জানালে তাঁকে আবারও মারধর করা হয়। একপর্যায়ে জোর করে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ারও চেষ্টা করা হয় বলে জানান তিনি।
সারোয়ারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মোটরসাইকেলচালক চান্নু জানান, কয়েকজন হঠাৎ তাঁদের পথরোধ করে মোটরসাইকেলের চাবি কেড়ে নেন। এরপর জোর করে সারোয়ারকে তুলে নিয়ে যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, এ ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছে। প্রধান অভিযুক্ত তারেক হাসান রোকনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।









