কৃষির উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) কর্মসূচির আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রামের উপপরিচালক কৃষিবিদ আবু ফাত্তাহ্ মো. রওশন কবির। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ অশোক কুমার রায়। স্বাগত বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্যসচিব মোখছুর রহমান, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা এবং কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বাবুল জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন, উন্নত কৃষিপ্রযুক্তির ব্যবহার ও উত্তম কৃষিচর্চার মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি কৃষিপণ্যের গুণগত মান উন্নয়ন, নিরাপদ খাদ্য সরবরাহ এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সচেতনতা ও দক্ষতা বাড়ানো প্রয়োজন। কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষকদের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বারোপ করেন তাঁরা।
আয়োজকরা জানান, পার্টনার কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষিবিষয়ক তথ্য ছড়িয়ে দেওয়া, উন্নত জাত ও প্রযুক্তির সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণে সহায়তা এবং টেকসই কৃষি উৎপাদনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্যের গুণগত মান উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ কর্মসূচির লক্ষ্য।
কংগ্রেসে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন। এ সময় উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শনের জন্য বিভিন্ন স্টল স্থাপন করা হয়।
#









