জামালপুরের মাদারগঞ্জে অবৈধভাবে মাটি সংগ্রহ, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় তিনটি ইটভাটাকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) নাভিল হোসেন তামীম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ও ৫১(১) ধারা লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে জোনাইল পক্ষিমারী এলাকার সোহাগ ব্রিকসকে অবৈধভাবে মাটি সংগ্রহের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় জোনাইল এলাকার বিআরবি ব্রিকস এবং জোনাইল নয়াপাড়া এলাকার আরএসএস ইটভাটাকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানকালে ইটভাটাগুলোর পরিবেশগত ছাড়পত্র, প্রয়োজনীয় লাইসেন্স ও ব্যবহৃত কয়লার মান যাচাই করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, ইট তৈরির জন্য অবৈধভাবে মাটি সংগ্রহসহ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর বিরুদ্ধে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে। আইন অমান্য করে ইটভাটা পরিচালনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










