পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে বিস্ফোরক আইনের একটি মামলার দুই আসামিও রয়েছেন। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধানুয়াঘাটা বাজারসংলগ্ন এলাকার মো. এশারত প্রামাণিক (৩২), উত্তর টিয়ারপাড়া এলাকার মো. ইমন আহম্মেদ বাবু (৪০), নেছড়াপাড়া ওয়াপদা এলাকার মো. আকাশ (২২), উত্তর থানাপাড়া এলাকার মো. শামীম আহসান (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকার মো. মানিক (৪৪)।
পুলিশ জানায়, ২০২৫ সালের ২২ নভেম্বর দায়ের করা ফরিদপুর থানার ৬ নম্বর মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৪২৭ ও ১১৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় তদন্তে পাওয়া আসামি হিসেবে এশারত প্রামাণিক ও ইমন আহম্মেদ বাবুকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, নেশাজাতীয় দ্রব্য সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আকাশ এবং গাঁজা সেবনের অভিযোগে শামীম আহসান ও মানিককে গ্রেপ্তার করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে ফরিদপুর থানার এসআই আশরাফুল ইসলাম, বিজন কুমার, আরিফুল ইসলাম, এএসআই রফিকুল ইসলাম ও শাহানুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।
ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ জানান, গ্রেপ্তার পাঁচজনকে শনিবার দুপুরে পুলিশি পাহারায় পাবনার আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।










