পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকার ৪ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবার সর্বস্ব হারিয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে গাজী বাড়ি সংলগ্ন একটি দোতলা টিনশেড ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, কাতারপ্রবাসী এক ব্যক্তির চারতলা ভবনের পাশে এনামুল হকের মালিকানাধীন দোতলা টিনশেড ঘরটিতে চারটি পরিবার ভাড়ায় বসবাস করছিল। বিকেলে হঠাৎ ঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘরের ভেতর থেকে প্রয়োজনীয় কোনো মালামাল বের করার সুযোগ পাননি বাসিন্দারা। পরনের এক কাপড়েই কোনোমতে ঘর থেকে বের হয়ে প্রাণে বাঁচেন তারা।
খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন আশপাশের বহুতল ভবন ও বসতঘরে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডে চার পরিবারের আসবাবপত্র, পোশাক, প্রয়োজনীয় কাগজপত্রসহ ঘরের প্রায় সবকিছু পুড়ে গেছে। এতে পরিবারগুলোর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা।
এদিকে জনবহুল আবাসিক এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।
সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত চারটি পরিবার সরকারি-বেসরকারি সহায়তার জন্য আবেদন জানিয়েছে।








