আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাদের সার্বিক খোঁজখবর নিয়েছেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও বিএনপির সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী নাসির জোমাদ্দার।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যার পর তিনি পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বাকেরগঞ্জ সার্বজনীন পূজা মণ্ডপ, সাহেবগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দির, বড়বাড়ি সার্বজনীন পূজা মণ্ডপ, সার্বজনীন নাথপাড়া পূজা মণ্ডপ ও কৈলাস সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নাসির জোমাদ্দার প্রতিটি পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অর্থ বরাদ্দের জন্য প্রয়োজনীয় ফর্ম প্রদান করেন। পাশাপাশি ব্যক্তিগত পক্ষ থেকেও প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদানের ঘোষণা দেন।
এ সময় নাসির জোমাদ্দার বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে—এটাই বিএনপির রাজনীতির মূলনীতি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিএনপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার রাজনীতি করে। দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, “পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বাকেরগঞ্জে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের মধ্যে যে সৌহার্দ্য ও সম্প্রীতি রয়েছে, তা ভবিষ্যতেও অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি গাজী হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক নাসির হাওলাদারসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








