বরিশালের বাকেরগঞ্জে বিএনপি নেতা মোঃ আনোয়ার হাওলাদার (৫২) হত্যার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
নিহত আনোয়ার হাওলাদার উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভবানীপুর হাওলাদার বাড়ির বাসিন্দা। তিনি মৃত আকব্বর হাওলাদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) এশার নামাজের পর বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় পারিবারিক বিরোধের জেরে তাঁর বড় ভাই দেলোয়ার হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার ও তাঁর সহযোগীরা আনোয়ারের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।
হামলায় সোহেল হাওলাদার, সমির হাং, নাছিম হাং, নয়ন খা ও সাকিব জোমাদ্দারসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে ঘটনার নয় দিন পর ৭ নভেম্বর শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হলেও ঘটনার ১০ দিন পরও আসামিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। হত্যার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
পরে মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা।










