পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর দেওয়া ডিও লেটারের পর সম্ভাব্যতা যাচাইসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী গত ৯ সেপ্টেম্বর ২০২৬ প্রধানমন্ত্রী বরাবর দেওয়া ডিও লেটারে পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার আবেদন জানান। চিঠিতে তিনি পটুয়াখালীর ক্রমবর্ধমান জনসংখ্যা, আবাসন, সড়ক যোগাযোগ, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও যানজট নিয়ন্ত্রণসহ আধুনিক নাগরিক সুবিধার বাড়তি চাহিদার কথা তুলে ধরেন।
ডিও লেটারে বলা হয়, পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সঙ্গে পটুয়াখালীর যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পাশাপাশি পায়রা বন্দর, কুয়াকাটা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে জেলার অর্থনৈতিক গুরুত্ব ও সম্ভাবনা বেড়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যমান পৌর কাঠামোর মাধ্যমে ক্রমবর্ধমান নাগরিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ছে। পটুয়াখালীকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হলে আধুনিক নগর অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবা সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ, শিল্প ও বাণিজ্যের প্রসার এবং পায়রা সমুদ্রবন্দর ও কুয়াকাটাকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার সুযোগ সৃষ্টি হবে।
এর পরিপ্রেক্ষিতে ২৯ সেপ্টেম্বর ২০২৬ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
ফলে দীর্ঘদিনের দাবি ও আলোচনার পর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার বিষয়টি এখন প্রশাসনিক প্রক্রিয়ায় প্রবেশ করল। তবে এখনো পটুয়াখালীকে সিটি কর্পোরেশন হিসেবে চূড়ান্ত ঘোষণা বা অনুমোদন দেওয়া হয়নি—প্রথমে সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হবে।









