পটুয়াখালীর কলাপাড়ায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে এ সভার আয়োজন করা হয়।
পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর কারিগরি সহযোগিতায় আয়োজিত সভায় নারী ও কন্যাশিশুদের প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইউএনএফপিএর ভলান্টিয়ার আহম্মেদ কাওসার ইবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিনা নাসরিন, শিক্ষক পরিষদের সচিব মুহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী অধ্যাপক নাজমা আকতার, সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান খান এবং কলাপাড়া থানার ওসি (তদন্ত)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিনা নাসরিন বলেন, দারিদ্র্য, মাদক, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি সমাজকে অস্থির করে তুলছে। এসব অপরাধ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা জরুরি। যেকোনো জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় থানায় স্থাপিত বিশেষ সার্ভিস ডেস্কের মাধ্যমে ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা দেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
ইউএনএফপিএর ফিল্ড অফিসার মো. কামরুজ্জামান বলেন, নারী ও কন্যাশিশুদের প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা কমিয়ে আনা এবং ভুক্তভোগীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই প্রকল্পের মূল লক্ষ্য। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে।
সভাপতির বক্তব্যে ওসি মো. নজরুল ইসলাম সমাজের অসহায় নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে নির্যাতনের ঘটনা গোপন না রেখে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, যুব প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সবশেষে সমাজ থেকে সব ধরনের সহিংসতা ও অপরাধ প্রতিরোধে সম্মিলিত সামাজিক উদ্যোগ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।








