নারীর প্রতি সহিংসতা নিরসন, বৈষম্য দূরীকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে পথনাটক ‘অধিকার’ ও বিষয়ভিত্তিক লোকসংগীত পরিবেশন করেছে সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ)।
গতকাল বিকেলে ইটবাড়িয়া ইউনিয়নের উত্তর পুকুরজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জনসচেতনতামূলক লোকসংগীত ও পথনাটক ‘অধিকার’ পরিবেশন করা হয়। দাতা সংস্থা এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর অর্থায়নে ও ‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সহযোগিতায় নাগরিক প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান মুছা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. রায়হান চৌকিদার, সমাজসেবক মো. আবদুল মালেক, মো. শাহাবুদ্দিন খান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং এইচ. এম. জসিম উদ্দীন, সহকারী শিক্ষক।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্য মোসা. হাদিসা, উজ্জলা বেগম, দীপক হাওলাদার ও সহ-সভাপতি মাকসুদা বেগম। এসডিএর ফাইন্যান্স অফিসার মো. আক্তার জামান, প্রকল্প কর্মকর্তা সৈয়দা তানবিন জাহান ও কমিউনিটি মোবিলাইজার আশিকা মেহজাবিনসহ ইটবাড়িয়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পথনাটক ‘অধিকার’ ও লোকসংগীতের মাধ্যমে বাল্যবিবাহ, যৌন হয়রানি, পারিবারিক নির্যাতন ও যৌতুকের জন্য নির্যাতন প্রতিরোধ, নারীশিক্ষা ও উপার্জনক্ষমতা বৃদ্ধি, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্তা, বিধবা ও অসহায় নারীদের সামাজিকভাবে হেয় না করা, সরকারি বিভিন্ন সেবা ন্যায্যতার ভিত্তিতে বণ্টন এবং দলিত জনগোষ্ঠী—বিশেষ করে প্রতিবন্ধী, হিজড়া, জেলে, ঋষি, ধোপা ও অন্যান্য পেশাজীবী মানুষকে সামাজিক ও সরকারি কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়ে তথ্য প্রদান করা হয়।
প্রায় দেড় শতাধিক নাগরিকের উপস্থিতিতে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হয়।








