পটুয়াখালীর জেলা প্রশাসককে বদলি নিয়ে দৈনিক ‘আমার দেশ’-এ প্রকাশিত প্রতিবেদনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুরুল হক নুর বলেন, দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার প্রথম পাতায় ‘পিয়ন নিয়োগে ডিসির সঙ্গে প্রতিমন্ত্রী নুরের বিরোধ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে ওই প্রতিবেদনে শিরোনামের দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো সূত্র বা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেই বলে দাবি করেন তিনি।
নুরুল হক নুর লিখেছেন, সংবাদটিতে বিষয়টি ‘একেবারে উদ্দেশ্যপ্রণোদিত’ভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটি একটি ‘বিভ্রান্তিকর নিউজ’। একই সঙ্গে কয়েকদিন আগে ‘ইলিয়াস-পিনাকীর ভিডিওর পর ভিপি নুরের পোস্টে হা হা-এর বন্যা!’ শিরোনামে প্রকাশিত সংবাদ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ফেসবুক পোস্টে নুর বলেন, দায়িত্বশীল গণমাধ্যমে এ ধরনের সংবাদ প্রকাশ করা উচিত নয়। তিনি ‘আমার দেশ’-এর এমন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পটুয়াখালীর সাবেক জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর বদলি প্রসঙ্গেও নিজের বক্তব্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। তাঁর দাবি, গত ৯ জুলাই ড. শহীদ হোসেন চৌধুরী উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁর স্বাভাবিক বদলি হয়েছে।
নুরুল হক নুর আরও দাবি করেন, জেলা প্রশাসকের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা হয়েছিল। পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ নিয়েও অভিযোগের কথা উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, এ বিষয়ে ১৩ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযোগ দেওয়া হয়েছিল।
এ প্রসঙ্গে নুরুল হক নুর তাঁর পোস্টে বলেন, এসব বিষয়কে পাশ কাটিয়ে তাঁর সঙ্গে ডিসির বিরোধের কারণে বদলি হয়েছে—এমন ধারণা তৈরি করে সংবাদ প্রকাশ করা বিভ্রান্তিকর।
অন্যদিকে, দৈনিক ‘আমার দেশ’-এর প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, পিয়ন নিয়োগে কথিত তদবির উপেক্ষা করায় পটুয়াখালীর জেলা প্রশাসককে বদলি করা হয়েছে। তবে একই প্রতিবেদনে বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বদলিটিকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছেন এবং এর সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সংশ্লিষ্টতা তাঁর জানা নেই বলে জানিয়েছেন।
নুরুল হক নুর তাঁর পোস্টের শেষাংশে ‘আমার দেশ’কে উদ্দেশ করে বলেন, পত্রিকাটি যেন কোনো পক্ষের হয়ে নয়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে।









