পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে সভায় আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় উপজেলার বিভিন্ন স্থানে চুরি, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, দখলবাজি ও জনসাধারণের সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মো. গোলাম মোস্তফা, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যসচিব মো. ইমতিয়াজ আহমেদ, গণঅধিকার পরিষদের জেলা যুব অধিকার পরিষদের নেতা মো. মহিবুল্লাহ এনিম, প্রতিমন্ত্রী নুরুল হক নূরের প্রতিনিধি মোহাম্মদ আবু নাঈম, পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, সদস্যসচিব মোহাম্মদ সাহেব আলী ও প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ।
সভায় সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, সবার মতামতের ভিত্তিতে গলাচিপা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। কিশোর গ্যাং, মাদকসেবী ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।









