পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে বন্দোবস্ত পাওয়া জমির অবৈধ দখল ঠেকানো ও মালিকানা নিশ্চিতের দাবিতে ভূমিহীনসহ স্থানীয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. শাহীন মৃধা, ভূমিহীন পরিবারের সদস্য (কার্ডধারী) নুরজাহান বেগম, খোকন চৌকিদার, হানিফ মৃধা, শাহআলম হাওলাদার, জবুনা বেগম, সোহেল হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, রুবেল সিকদার, রুহুল আমিন হাওলাদার ও স্থানীয় বাসিন্দা তানিয়া আক্তারসহ অনেকে।
বক্তারা জানান, ১৯৯৭ সালে আমতলীর পূর্বচিলা ও ধানখালীর মধ্য ধানখালী মৌজায় তারা ভূমিহীন হিসেবে সরকারি জমি বন্দোবস্ত পান। অভিযোগ, ধানখালীর প্রভাবশালী রহিম সিকদার ও খোকন মৃধাসহ একটি চক্র ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এমনকি সরকারি খাস জমিও দখল করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এসবের প্রতিকার ও বন্দোবস্ত পাওয়া জমির দখল নিশ্চিত করার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ভুক্তভোগী খোকন চৌকিদার বলেন, “আমরা সরকারের কাছ থেকে খাস জমি বন্দোবস্ত পেয়েছি। কিন্তু দখলদার চক্রের কবল থেকে জমি উদ্ধার করতে স্থানীয় ইউপি সদস্য শাহীন মৃধা ভূমিহীনদের পক্ষে অবস্থান নেওয়ায় তাঁর বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে।”
বক্তারা বলেন, ভূমিহীনদের ন্যায্যতা রক্ষায় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার নির্দেশনা দিয়েছেন। এরপরও ওই মহলটি তাঁদের জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে এবং নানা ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করছে। এ ঘটনায় মধ্য ধানখালী এলাকায় নাশকতার আশঙ্কা করছেন স্থানীয়রা।
বক্তাদের দাবি, একটি হত্যা মামলায় দণ্ডিত ও সাজা ভোগ করা এক ব্যক্তি এর নেপথ্যে কাজ করছেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।









