পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা মো. আনিছুর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বগা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান জামাল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আনিছুর রহমান।
জিডি সূত্রে জানা যায়, মো. আনিছুর রহমান বগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা মো. মজিবুর রহমানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। একই সঙ্গে তথ্য অধিকার আইনে সংশ্লিষ্ট তথ্য চেয়ে আবেদন করেন।
অভিযোগে বলা হয়, এসব অভিযোগ ও তথ্য চাওয়ার কারণে গত ১৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বগা ইউনিয়ন পরিষদের সামনে সড়কে আনিছুর রহমানকে ভয়ভীতি দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সোমবার (২১ সেপ্টেম্বর) বাউফল থানায় জিডি করেন। জিডি নম্বর-১০৫০।
অভিযোগ অস্বীকার করে বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা জামাল হোসেন বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ইউনিয়ন পরিষদের নিয়ম অনুযায়ী কাজ পরিচালনা করা হচ্ছে, কোনো অনিয়ম হয়নি। রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রোশ থেকে বিভ্রান্তি ছড়াতে থানায় এই জিডি করা হয়েছে।”
অন্যদিকে বিএনপি নেতা আনিছুর রহমান বলেন, বিবাদীদের অব্যাহত হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ অবস্থায় জীবনের নিরাপত্তা চেয়ে তিনি থানায় জিডি করেছেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”









