বিদেশযাত্রায় প্রতারণা, দালালের খপ্পর ও নানা ধরনের ঝুঁকি এড়াতে মাদারীপুরে নিরাপদ অভিবাসন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কারিগরি সহায়তায় এবং রাইটস যশোরের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার। রাইটস যশোরের পরিচালক (প্রশিক্ষণ) এসএম আজহারুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, আইওএমের রিজিওনাল কর্মকর্তা এনাজেন্টিলি, সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট অমল বিশ্বাস, রাইটস যশোরের প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত ও জেলা প্রকল্প ম্যানেজার মাহাবুব হাসান।
সভায় নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক, বিদেশগামীদের সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ অভিবাসন প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিদেশ যাওয়ার আগে সঠিক তথ্য যাচাই, বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং দালালচক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









