মাদারীপুরে মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানে রাজৈর ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল সোমবার (২১ সেপ্টেম্বর) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের প্রথম ধাপে বিকেল ৫টা ২০ মিনিটে রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকায় উজ্জল হাওলাদারের টিনের তৈরি কাচারিঘরে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আসাদ মাতুব্বর (২৩), নবীন শেখ (২০) ও আলমগীর শেখ (২৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ৯টা ৪৫ মিনিটে মাদারীপুর সদর মডেল থানার গৈদী এলাকার সার্বিক ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ আফজাল জামান, মেহরাব হোসেন চয়ন (২২), শামীম মোল্লা (২৮) ও ফারদিন আহমেদ শুভ (২৮) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়।
দুই অভিযানে মোট ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।









