২০২৬-২৭ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।
সভায় বক্তব্য দেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম. জহুরুল হক, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, ইএসডিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল আমিন, সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেন, অধ্যাপক ড. সু জাহাঙ্গীর কবির সরকার, অধ্যাপক ড. মো. আলমগীর কবির, অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেন, অধ্যাপক ড. এ. কে. এম. মোস্তফা আনোয়ার, অধ্যাপক ড. তন্বী চন্দ, অধ্যাপক ড. আহমেদ পারভেজ, অধ্যাপক ড. মো. কামরুল হাসান, অধ্যাপক ড. এস. এম. তাওহিদুল ইসলাম, অধ্যাপক ড. মো. আবদুল মাসুদ, অধ্যাপক ড. গোলাম মুরাদুল বশির, অধ্যাপক ড. সাইদুর রহমান, অধ্যাপক ড. শামসুজ্জামান সবুজ, অধ্যাপক ড. মোহাম্মদ শাহবুবুল আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “এবারই এই বৃহৎ ও গৌরবময় ভর্তি পরীক্ষা আয়োজনের মূল নেতৃত্বে রয়েছে আমাদের বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন পরম আনন্দের ও সম্মানের, ঠিক তেমনি এটি এক বিশাল দায়িত্ব ও চ্যালেঞ্জের। দেশজুড়ে লাখ লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বপ্ন ও প্রত্যাশা জড়িয়ে থাকে এই পরীক্ষার সঙ্গে।”
তিনি বলেন, “অত্যন্ত স্বচ্ছ, নিখুঁত এবং প্রশ্নাতীত পরীক্ষা উপহার দেওয়া এখন আমাদের প্রধান দায়িত্ব। আর এই গুরুদায়িত্ব সফলভাবে সম্পন্ন করা কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আমাদের শিক্ষক-কর্মকর্তাসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা। বিগত বছরের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আরও বড় পরিসরে আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে।”
উপাচার্য আরও বলেন, “১৯, ২০ ও ২৭ মার্চের ভর্তি পরীক্ষায় প্রত্যেক শিক্ষক-কর্মকর্তাকে দায়িত্বের অংশীদার হতে হবে। আমাদের কাজ করার সক্ষমতা আছে।” তিনি শিক্ষক-কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।









