বরগুনার আমতলীতে মাদকবিরোধী অভিযানে তিন মাদক কারবারিকে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার করেছে আমতলী থানা-পুলিশ। পরে গ্রেফতার হওয়া দুই আসামিকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আমতলী পৌরশহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান তন্ময়কে (৩৫) ০.৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এসআই মো. শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। তন্ময় আমতলী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহবুবুর রহমান হিমু গাজীর ছেলে।
একই রাতে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই মো. শওকত হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি মো. হুমায়ুন কবিরকে (৪৪) ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে মাদক সেবনের সরঞ্জামসহ মো. নাজমুল হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়।
হুমায়ুন কবির হাসপাতাল রোড এলাকার বাসিন্দা মরহুম আব্দুস সালাম শিকদারের ছেলে এবং নাজমুল হোসেন একই এলাকার মরহুম ডা. আব্দুল খালেক হাওলাদারের ছেলে।
গ্রেফতারকৃতদের বুধবার দুপুরের পর আমতলীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক কারবারি মো. হুমায়ুন কবির ও মো. মেহেদী হাসান তন্ময়কে এক বছর করে কারাদণ্ড দেন। অপর গ্রেফতারকৃত নাজমুল হোসেনের বিষয়ে আগামী ১৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, চলমান মাদকবিরোধী অভিযানে তিনজনকে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে গ্রেফতার হওয়া দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন এবং একজনকে জেলহাজতে পাঠিয়েছেন।








