ঢাকা- আমতলী- কুয়াকাটা মহাসড়কে ইমরান পরিবহন নামে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস উল্টে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে ওই সড়কের বান্দ্রা বাজার এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রায় ২০০ মিটার দূরে গিয়ে থামে। এতে ২৫ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে আমতলী ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। আহত অনেকের হাত-পা ভেঙে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আহত যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, চালক ঘুমিয়ে থাকায় হেলপার বাসটি চালাচ্ছিল। বাসটি ঢাকা থেকে কুয়াকাটায় যাচ্ছিল। দুর্ঘটনার পর থেকেই চালক ও হেলপার পলাতক রয়েছে।
এদিকে দুর্ঘটনা প্রবণ বান্দ্রা মোড়ে সিগন্যাল বাতি না থাকায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। তারা দ্রুত ওই স্থানে সিগন্যাল ল্যাম্পপোস্ট স্থাপন, গতিরোধক ও চার লেন সড়ক নির্মাণের দাবি জানান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, দূর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হয়েছে। ড্রাইভার ও হেলাপার পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







