বরগুনার আমতলীতে একটি দাখিল মাদ্রাসা স্টলে তালা দিয়ে দখল চেষ্টার অভিযোগ উঠেছে এক শ্রমিকদল নেতার বিরুদ্ধে! থানায় অভিযোগ দেয়ার দুইদিন পর তালা খুলে দেয়া হয়েছে।
বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের একটি দাখিল মাদ্রাসার ভাড়া দেওয়া স্টল দখলের উদ্দেশ্যে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এমন অভিযোগে প্রতিকার চেয়ে আমতলী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন মাদরাসা কর্তৃপক্ষ। এর দুই দিন পর আজ শুক্রবার বিকেলে ওই স্টলের তালা খুলে দেয়া হয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষ ও ভাড়াটিয়া ব্যবসায়ীর অভিযোগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদারের নির্দেশে উপজেলা শ্রমিকদল নেতা মো. শাহজাহান সরদার এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন হাওলাদার স্টলটিতে তালা দিয়েছেন।
তালা দেয়ায় ঘটনায় স্টলের মধ্যে থাকা প্রায় চার পাঁচ লাখ টাকার পশু ও মৎস্য খাদ্য আটকা পড়েছ। দুই দিন পর্যন্ত বন্ধ থাকে ব্যবসায়িক কার্যক্রম।
স্টলের তালা খুলে দেওয়ার দাবিতে মাদ্রাসা কর্তৃপক্ষ জেলা বিএনপির সদস্যসচিব মোঃ হুমায়ূন হাসান শাহিনকে জানায় এবং পাশাপাশি আমতলী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
বুধবার রাতে উপজেলার মানিকঝুড়ি বাজারে মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সামনের স্টলে ওই তালা দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ সত্যতা যাচাইয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, ২০১০ সালে মাদ্রাসার নিজস্ব জমিতে মানিকঝুড়ি বাজারে ভাড়া দেয়ার জন্য সাতটি স্টল নির্মাণ করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এরপর স্টলগুলো একাধিক ব্যক্তির কাছে ভাড়া দিয়ে আসছে। তেমনি স্টলগুলোর মধ্যে মাদ্রাসা ভবনের সামনের গেটের পাশে একটি স্টল ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম রিপন শিকদারকে ভাড়া দেওয়া হয়। ওই ভাড়া নেয়া স্টলে তিনি পশু ও মাছের খাদ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ জসিম উদ্দিন হাওলাদারের নির্দেশে উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মো. শাহজাহান সরদার এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন হাওলাদার স্টলটিতে তালা জুলিয়ে দেন। এতে ভূক্তভোগী ওই ব্যবসায়ীর পশু ও মৎস্য খাদ্যের মালামাল ভেতরে আটকা পড়ে এবং দুইদিন ধরে ব্যবসায়ী কার্যক্রম বন্ধ থাকে।
ব্যবসায়ী সফিকুল ইসলাম রিপন শিকদার বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে গত ২৬ আগস্ট ২০ হাজার টাকা অগ্রীম পরিশোধ করে স্টলটি ভাড়া নিয়ে পশু ও মাছের খাদ্য বিক্রি করে আসছি। বুধবার রাত ১০টার দিকে শাহজাহান সরদার ও মোশাররফ হাওলাদার আমার ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়ে দেয়। এতে আমার প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার মালামাল ভিতরে আটকা পড়ে। আমি তাদেরকে স্টলটি খুলে দেওয়ার জন্য বললেও তারা দুই দিনেও স্টলটি খুলে দেয়নি। পুলিশ আসার পরে আজেকে বিকেলে তারা তালা খুলে দিয়েছে। আমি ভয়ে দোকান খুলিনি।
উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মো. শাহজাহান সরদার স্টলে তালা দেওয়ার কথা স্বীকার করে বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে ঘরটি ভাড়া দিয়েছে। তাই তিনি তালা দিয়েছেন। তবে ভাড়ার চুক্তিপত্র তিনি দেখাতে পারেননি। তিনি বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি সদস্য জসিম হাওলাদারের নির্দেশে তিনি স্টলে তালা দিয়েছেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদারের কাছে বিষয়টি জানতে তার ব্যবহৃত মুঠোফোনে সাংবাদিক পরিচয়ে যোগাযোগ করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এজন্য এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আবু তাহের বলেন, থানায় অভিযোগ দেয়া ও আইনগত পদক্ষেপ নেয়ায় আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। মাদ্রাসার স্টল দখলের উদ্দেশ্যে শাহজাহান সরদার ও তাঁর সহযোগীরা জোরপূর্বক তালা দিয়েছেন। পুলিশ আসার পর দুই দিন পরে আজকে বিকেলে স্টলের তালা খুলে দেয়া হয়েছে।
বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব মো. হুমায়ুন হাসান শাহীন মুঠোফোনে বলেন, বিষয়টি জানার পর দলীয় শৃঙ্খলা রক্ষায় তিনি ব্যবসা প্রতিষ্ঠানের তালা খুলে দিতে বলেছিলেন। দলের কেউ অপরাধ করলে তার দায় দল বহন করবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কাজ কাউকে করতে দেওয়া হবে না।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, স্টলে তালা দেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলেন আজকে তালা খুলে দিয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।#







