জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাকে চাঁদাবাজ বলবেন তারা। একই সঙ্গে আওয়ামী লীগকে গণহত্যাকারী, খুনি ও স্বৈরাচার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের বাংলাদেশে পতন হয়েছে, ভারতে গিয়ে দাফন হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শহরের মল্লিকা পার্টি সেন্টারে এনসিপি পটুয়াখালী জেলা আয়োজিত ‘সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম।
সারজিস আলম বলেন, “২০২৪ সালে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ গণহত্যাকারী, আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ স্বৈরাচার। আওয়ামী লীগের বাংলাদেশে পতন হয়েছে, ভারতে গিয়ে দাফন হয়েছে।”
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “আমরা বিএনপিকে বিন্দুমাত্র ছাড় দিতে আগ্রহী নই। বিএনপির কেউ যদি চাঁদাবাজি করে, আমরা তাকে চাঁদাবাজ বলব।”
দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, “লোডশেডিং, বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, এলপিজির সংকট—এটা শুধু বিএনপির সংকট নয়, এটা আমাদের রাষ্ট্রীয় সংকট। যে মানুষটা কোনো দল করে না, সেই মানুষটাও এই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “বিএনপি এই জ্বালানি সংকটকে কেন্দ্র করে কত হাজার কোটি টাকা লুটপাট করবে, কত শতাংশ গায়েব করবে—সেই প্রতিযোগিতা শুরু হয়েছে।”
অনুষ্ঠানে এনসিপির বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া ছাত্র শক্তির জেলা আহ্বায়ক, যুব শক্তি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এনসিপির সমন্বয় কমিটির সদস্যরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে রাজনৈতিক কর্মশালা নিয়ে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার। যুব শক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মঞ্জুও বক্তব্য দেন।









