আমেরিকার সঙ্গে কথিত ‘অসম ও দেশবিরোধী চুক্তি’ বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের নেতারা।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় পটুয়াখালী জেলা কমিউনিস্ট পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত জোটের প্রতিনিধি সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা। সঞ্চালনা করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) পটুয়াখালী জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট জহিরুল আলম সবুজ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শফিউর রহমান শফি। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আব্দুস সাত্তার, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) কেন্দ্রীয় কমিটির সভাপতি গৌতম চন্দ্র শীল, সমাজতান্ত্রিক ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজান আহমেদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সমীর কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ নাগসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক সামরিক উপদেষ্টা খলিলুর রহমান জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘অসম ও দেশবিরোধী চুক্তি’ সম্পাদন করেছেন। তারা ওই চুক্তি বাতিলের দাবিতে ১৩টি বাম রাজনৈতিক দলকে নিয়ে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট গঠন করা হয়েছে বলে জানান।
সভায় নেতারা বলেন, দেশের স্বার্থবিরোধী বলে দাবি করা ওই চুক্তি বাতিলের দাবিতে জোটের নেতৃত্বে সারাদেশে গণআন্দোলন গড়ে তোলা হবে। এ লক্ষ্যে সকল গণতান্ত্রিক, প্রগতিশীল ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।









