পটুয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ পটুয়াখালী শাখার সভাপতি গাজী মঈন উদ্দিন টারজনের জানাজায় মানুষের ঢল নেমেছিল।
শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা শহরের বড় জামে মসজিদের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বড় জামে মসজিদের খতিব ও জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ মাওলানা আবু সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন মদিনা জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আবু ইউছুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, মরহুমের ভাগ্নে ও সাবেক ইউপি চেয়ারম্যান নিপু তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শত শত মুসল্লি।
জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চান তার বড় ভাই মরহুম গাজী নেছার উদ্দিন বুলবুলের ছেলে গাজী তৌফিক উদ্দিন।
উল্লেখ্য, শুক্রবার ভোর ৫টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে গাজী মঈন উদ্দিন টারজন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, একমাত্র কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।









