মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ বাগেরহাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে তিন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, সুন্দরবন অঞ্চলের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬)। তারা সবাই শ্যামনগর উপজেলার বাসিন্দা।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে শ্যামনগর থানার হরিণটানা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে। একই সঙ্গে বাহিনীর অপরাধ দমন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।








