এস এইচ রতন, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল্লাহ মোড়ল নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল মোটর সাইকেলে করে বারুইপাড়া এলাকা থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথে নিয়তির মোড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলাকারীরা বাদল মোড়লের মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে ধারণা করা হচ্ছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।







