সোহাগ কাজী, মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে আলোচিত ‘হাতুড়ি বাহিনী’র প্রধান ও একাধিক মামলার আসামি মাজহারুল শেখ (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
বুধবার (১০ জুন) রাজৈর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম।
গ্রেফতারকৃত মাজহারুল শেখ উপজেলার পশ্চিম রাজৈর এলাকার নজরুল শেখের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, হামলাসহ বিভিন্ন অভিযোগে জেলা ও দেশের বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, মাজহারুল দীর্ঘদিন ধরে এলাকায় ‘হাতুড়ি বাহিনী’ নামে একটি সন্ত্রাসী চক্র গড়ে তুলে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। রাজনৈতিক ছত্রছায়া ও প্রভাবশালী মহলের সুবিধা নিয়ে সে বারবার আইনের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে সন্ধ্যায় রাজৈর বাজারে সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খান (৫০)-এর গতিরোধ করে মাজহারুলের নেতৃত্বাধীন একদল সন্ত্রাসী। চাঁদার দাবিকৃত অর্থ না পেয়ে তারা হাতুড়ি দিয়ে জাহাঙ্গীর খানের দুই পা, পিঠ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে।
প্রকাশ্য বাজারে সংঘটিত ওই হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি ওঠে।
এ ঘটনায় আহত জাহাঙ্গীর খানের স্ত্রী বাদী হয়ে গত ৩১ মে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুজ্জামান এর আগে চার আসামিকে গ্রেফতার এবং হামলায় ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করেন।
ঘটনার পর থেকেই প্রধান আসামি মাজহারুল শেখ পলাতক ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর সহায়তায় জামালপুর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর মাজহারুল শেখকে আদালতের মাধ্যমে মাদারীপুরে আনা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।









