‘‘পরিবেশ সুরক্ষা এবং টেকসই ও জলবায়ু সহনশীল ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব’’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (৫ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় সংলগ্ন মহাসড়কের পাশা ট্রেনিং সেন্টার এলাকা থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
র্যালী শেষে পাশা ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদর্শ মহিলা সংস্থার পরিচালক আফরোজা আকবর-এর সভাপতিত্বে এবং সংস্থাটির কো-অর্ডিনেটর মো. মাসুদ রানা শিবলী’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শ. ম. দেলোয়ার হোসেন দিলিপ, সাংবাদিক জালাল আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান জলবায়ু পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, ‘বাংলাদেশে বর্তমানে দৃশ্যমান তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, অনিয়মিত বর্ষণ এবং ব্যাপক পরিবেশগত অবক্ষয় ঘটছে। এসব কারণে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে। একই সাথে ফসলের ফলন হ্রাস পাচ্ছে এবং জনস্বাস্থ্যের অবনতিসহ নানাবিধ রোগের প্রকোপ বাড়ছে।’
বক্তারা আরও বলেন, বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতিকে রক্ষা করা কোনো একক ব্যক্তির নয়, বরং আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আগামী প্রজন্মের জন্য একটি টেকসই, সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশকর্মী ও সংস্থার সুধীজন উপস্থিত ছিলেন।









