কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটা খাবার হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি এবং বিশিষ্ট পর্যটন ব্যবসায়ী কলিম মাহমুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে যক্ষ্মাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি।
আজ রোববার সকাল ৭টার দিকে রাজধানী ঢাকার শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা এশার নামাজের পর কুয়াকাটার পর্যটন হলিডে হোমস মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কলিম মাহমুদের মৃত্যুতে কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতি, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস কর্তৃপক্ষসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পর্যটন খাতে কলিম মাহমুদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি দীর্ঘদিন ধরে কুয়াকাটায় পর্যটকদের জন্য মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করতে কাজ করে গেছেন। তার নেতৃত্বে রেস্তোরাঁ খাতে শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আসে।
সহকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত সদালাপী ও সবার প্রিয় মানুষ। তার অকাল মৃত্যুতে কুয়াকাটার রেস্তোরাঁ ও পর্যটন খাতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শত শত মানুষ শোক প্রকাশ করেছেন। শোকের ছায়া নেমে এসেছে পুরো পর্যটন নগরী কুয়াকাটায়।









