মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের কার্যক্রম ও সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়াতে আউটরিচ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প খরচে ও অল্প সময়ে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুল আলম।
শিকারমঙ্গল ইউনিয়নের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক ও নারীদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা করা হয়।
এ সময় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের পক্ষ থেকে পাঠানো লিফলেটের মাধ্যমে উপস্থিত প্রশিক্ষণার্থীদের গ্রাম আদালতের কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুল আলম।
তিনি জানান, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অনধিক তিন লাখ টাকা মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। ফৌজদারি মামলার ফি ১০ টাকা এবং দেওয়ানি মামলার ফি ২০ টাকা। এ আদালতে মামলা পরিচালনার জন্য আইনজীবী বা মুহুরি নিয়োগের প্রয়োজন হয় না। ফলে সাধারণ মানুষ অল্প খরচে ও স্বল্প সময়ে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পান।
তিনি আরও বলেন, ছোটখাটো বিরোধের ক্ষেত্রে থানা বা প্রচলিত আদালতে না গিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের মাদারীপুর জেলার কালকিনি ও বাসার উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন। তিনি অংশগ্রহণকারীদের মাঝে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারপ্রক্রিয়া ও বিভিন্ন সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ পৌঁছে দেওয়াই এ ধরনের আউটরিচ কার্যক্রমের মূল লক্ষ্য।










