পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তা কৃষক মো. ওবায়দুল হক সরদার পুকুরপাড়ে মাচায় ধুন্দল চাষ করে সাফল্য পেয়েছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় পুকুরপাড়ের জমিতে মাচা তৈরি করে ধুন্দল চাষ করেছেন তিনি।
সেপ্টেম্বর মাস থেকে ধুন্দলের চারা রোপণ শুরু করেন এই কৃষক। বর্তমানে তাঁর মাচাজুড়ে ধুন্দলের সমারোহ। অল্প সময়ে ও স্বল্প পরিশ্রমে ধুন্দল চাষ করে অধিক লাভবান হওয়া সম্ভব। সবজি হিসেবে হাটবাজারে ধুন্দলের ব্যাপক চাহিদা রয়েছে। উঁচু-নিচু জমি, বাড়ির আঙিনা ও পুকুরপাড়ে মাচা তৈরি করে ধুন্দল চাষ করলে অল্প পরিশ্রমে ভালো ফলন পাওয়া যায়। পাশাপাশি বাজারে ভালো দামে বিক্রি করেও লাভবান হওয়া সম্ভব।
কৃষক ওবায়দুল হক সরদার জানান, পুকুরপাড়ের জমিতে মাচা তৈরি করে ধুন্দলের চারা রোপণ করেছেন তিনি। বর্তমানে মাচাজুড়ে ধুন্দল গাছে ভরে গেছে। পুকুরের চারদিকে তাকালে শুধু ধুন্দল আর ধুন্দল চোখে পড়ে। এ ছাড়া বাড়ির পাশে থাকা পতিত ও অনাবাদি জমিতেও সহজেই ধুন্দল চাষ করা সম্ভব। তিনি বলেন, এটি এমন একটি সবজি, যা অল্প সময়ে চাষ করে ভালো লাভ করা যায়। চাষের খরচ কম। জৈব সার ব্যবহার করলে ধুন্দলের ফলনও ভালো হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহম্মেদ জানান, ধুন্দল একটি জনপ্রিয় সবজি। উপজেলার সাতটি ইউনিয়নেই দিন দিন মাচায় ধুন্দল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। ধুন্দলের ভালো ফলন দেখে উপজেলার অনেক কৃষক এ সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন।









