পটুয়াখালীতে এক রাতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর পর্যন্ত পটুয়াখালী পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এতে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আতঙ্কে কয়েকটি পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন।
ঘটনার সূত্রপাত হয় বুধবার রাত ১০টার দিকে। পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাড়িটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।
একই রাতে জেলা শ্রমিক লীগের সহসভাপতি খলিলুর রহমানের শহরের বাসভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়। দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন মালামাল, জানালার অংশ এবং বিদ্যুতের মিটার ভাঙচুর করে।
অন্যদিকে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের পটুয়াখালী শহরের পিডিএস মাঠসংলগ্ন চারতলা ভবনের সামনে কয়েক দফায় আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। ভবনটিতে বিভিন্ন পেশার মানুষ ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন এবং কয়েকটি অফিস রয়েছে। স্থানীয় ভাড়াটিয়াদের তৎপরতায় আগুন ভবনের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি।
বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
একই রাতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের পুরান বাজারের বাসায়ও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় আতঙ্কিত হয়ে পরিবারের সদস্য ও স্বজনেরা বাসার পেছনের দরজা দিয়ে বের হয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন।
এ ছাড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ সোহেলের টাউন জৈনকাঠি এলাকার বাড়িতেও হামলার ঘটনা ঘটে। আতঙ্কে পরিবারের সদস্যরা বাড়িতে অবস্থান নেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের পুরান বাজারের বাড়িতেও হামলা চালানো হয়। পাশাপাশি পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার বাসভবনে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। দূর থেকে বাড়িটি লক্ষ্য করে আগুন নিক্ষেপ করা হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
স্থানীয়দের ধারণা, ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ দত্ত বলেন, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এসব ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এক রাতের ব্যবধানে ধারাবাহিক এসব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি এবং হামলাকারীদের পরিচয়ও নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।









