দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদলের নবগঠিত কমিটি।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী শহরের সার্কিট হাউস-সংলগ্ন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবগঠিত জেলা যুবদলের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিমুর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। পরে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী জেলা জজ আদালত এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা যুবদলের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি বলেন, নবগঠিত জেলা যুবদলের কমিটি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে। সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদল কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।
এ সময় বক্তারা যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।









