মারুফ ইসলাম : ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পটুয়াখালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিজয় দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপতৎপরতা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।
সভায় জেলা প্রশাসক বলেন, পটুয়াখালীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে কাজ শুরু করেছে। বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না। এ জন্য রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আপনারা শান্ত থাকবেন, তবে সক্রিয় থাকবেন। সক্রিয় মানে লাঠিসোঁটা নিয়ে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়া নয়। সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে পটুয়াখালীতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির সুযোগ থাকবে না।’
মহান বিজয় দিবসের কর্মসূচি প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, দিবসটি উপলক্ষে সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বিভিন্ন উপকমিটিকে কার্যকরভাবে দায়িত্ব পালন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অবহেলা বা দায়িত্বে গাফিলতি গ্রহণযোগ্য হবে না।
তিনি জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় মুক্তিযুদ্ধভিত্তিক ভিডিও ও প্রামাণ্যচিত্র বিভিন্ন স্থানে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা জরুরি। পাশাপাশি মহান বিজয় দিবসে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশনের একটি উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাজেদুল ইসলাম সজল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনু, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার কিবরিয়া মৃধা, মুক্তিযোদ্ধা জব্বার, দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জাকারিয়া খান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এনায়েত হোসেন মোহন, দৈনিক সাথী’র সম্পাদক আনোয়ার হোসেন দৈনিক খবর পটুয়াখালীর সম্পাদক আবদুস সালাম আরিফ, ইঞ্জিনিয়ার কামাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।









