জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণ, নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে পটুয়াখালীতে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পটুয়াখালী সদর উপজেলা সভাকক্ষে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে, জাগো ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এ সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফাহিম হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভূপেন চন্দ্র মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুস সাত্তার, পটুয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল ওহাব মিয়া, হাজিখালী ডিজিটাল স্মার্ট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. রুবাইয়াত হক রাসেল, শুকতারা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাহফুজা ইসলাম, পটুয়াখালী জেলা শিশু সুরক্ষা কমিটির আহ্বায়ক শ. ম. দেলওয়ার হোসেন দিলীপ।
এ ছাড়া কালিকাপুর যুব সংঘ পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সিরাজ, ভিবিডি পটুয়াখালী জেলা টিমের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং এনিমেল লাভার্স অব পটুয়াখালীর প্রতিষ্ঠাতা মো. শামীমসহ জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপে জেন্ডারভিত্তিক বৈষম্য ও নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ বন্ধ এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা শুধু নারীর একার বিষয় নয়; এটি একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের সম্মিলিত দায়িত্ব। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় পর্যায়ে নারী-পুরুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তরুণদের শুধু সচেতনতামূলক কার্যক্রমে সীমাবদ্ধ না রেখে নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
তাঁরা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর নিরাপত্তা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সামাজিক সচেতনতার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আয়োজকরা জানান, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারীর অধিকার সুরক্ষা এবং তরুণদের নেতৃত্ব বিকাশে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ গড়ে তোলাই এ সংলাপের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।









