পটুয়াখালী সদর উপজেলার পটুয়াখালী সেতুর ঢালে পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৫ নভেম্বর) ভোরে ফজরের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।
নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের কাজিবাড়ি এলাকার আজাহার কাজির ছেলে। আহতরা হলেন হারুন মোল্লা ও মরিয়ম বেগম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘর থেকে বের হয়ে রাস্তায় আসেন। এ সময় পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ দেখতে পান। সংঘর্ষে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠান।
জানা গেছে, বাসাবাড়ির মালামাল নিয়ে ঢাকা থেকে পটুয়াখালীতে আসছিলেন হারুন মোল্লা ও তাঁর স্ত্রী মরিয়ম বেগম। পথে পটুয়াখালী সেতুর ঢালে পৌঁছালে তাঁদের বহনকারী পিকআপের সঙ্গে তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁরা দুজনই আহত হন। পরে পটুয়াখালী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চান মিয়ার মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পটুয়াখালী হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা রবিউল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিকটবর্তী ফিলিং স্টেশনে নেওয়া হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা ঢাকা থেকে আসছেন।









