বরগুনার আমতলীতে নিজ বসতঘর থেকে মো. তুহিন মুন্সি (২৩) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর দুই হাত রশি দিয়ে বাঁধা ছিল।
শনিবার (১৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুহিন মুন্সি একই গ্রামের অলিউল্লাহ মুন্সির ছেলে। তাঁর মায়ের নাম মিনারা বেগম।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা গেছে, তুহিন ওই বসতঘরে একাই বসবাস করতেন। ঘটনার সময় ঘরটি ভেতর থেকে আটকানো ছিল। পরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় তুহিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তুহিনের বাবা অলিউল্লাহ মুন্সি বলেন, “আমার বসতঘরের পেছনে আলাদা একটি ঘরে তুহিন একাই বসবাস করতেন। আজ সকালে তাঁকে দেখতে না পেয়ে দুপুরে ডাকতে যাই। কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।”
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি, ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”










