পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের কৃষি উদ্যোক্তা কাজী আনিছুর রহমান কমলা চাষ করে দ্বিতীয়বারের মতো সাফল্যের চমক দেখিয়েছেন। এ বছরও তাঁর খামারে কমলার ব্যাপক ফলন হয়েছে। গাছের ডালে থোকায় থোকায় পাকা কমলা ঝুলছে। ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। তাঁর বাগান দেখতে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ভিড় করছেন উৎসুক দর্শনার্থীরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে কাজী কৃষি পার্কে প্রায় ৪৫টি কমলার চারা রোপণ করেন আনিছুর রহমান। রোপণের এক বছরের মধ্যেই প্রতিটি গাছে ফুল আসতে শুরু করে। বর্তমানে গাছগুলোতে কাঁচা-পাকা কমলা শোভা পাচ্ছে। প্রতিটি গাছের ডালপালা কমলার ভারে নুয়ে পড়েছে।
কাজী কৃষি পার্কটি এখন একটি মডেল খামার হিসেবে গড়ে উঠেছে। সমন্বিত চাষাবাদ পদ্ধতি ও উন্নত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিকে এগিয়ে নিতে দিনরাত নিরলসভাবে কাজ করছেন কৃষিতে ১১তম জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা কৃষক কাজী আনিছুর রহমান। ধানের দেশে কমলা চাষ করে তিনি কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন।
উপকূলীয় উপজেলা দশমিনার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের কাজী আনিছ এখন এলাকার তরুণদের কাছে একজন অনুকরণীয় উদ্যোক্তা হিসেবে পরিচিত। কৃষিবিষয়ক বিভিন্ন সভা ও সেমিনারে তাঁর বক্তব্য শুনে অনুপ্রাণিত হন অনেকে। কৃষিতে সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ জাতীয় পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন তিনি। তাঁর এই অর্জন অন্যান্য তরুণকে কৃষি উদ্যোক্তা হতে উৎসাহিত করছে।
কাজী কৃষি পার্কটি মডেল খামার হিসেবে পরিচিতি পাওয়ায় দেশ-বিদেশেও এর সুনাম ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত খামারটিতে গবেষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে। বর্তমানে তাঁর বাগানে সারি সারি ছোট-বড় চায়না কমলার গাছে কাঁচা-পাকা ফল শোভা পাচ্ছে। খামারে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করায় উৎপাদিত ফল বিষমুক্ত বলে দাবি করছেন উদ্যোক্তা। বিষমুক্ত ফলের চাহিদা থাকায় বাজারে ন্যায্যমূল্য পাওয়ার আশা করছেন তিনি। ব্যাপক ফলন হওয়ায় এবার আগের তুলনায় দ্বিগুণ লাভের প্রত্যাশা করছেন আনিছুর রহমান।
উপজেলার কৃষিতে জাতীয় পর্যায়ে ১১তম স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক কাজী আনিছুর রহমান কেঁচো সার ব্যবহার করে বিষমুক্ত কমলা উৎপাদনে দ্বিতীয়বারের মতো সফলতা পেয়েছেন। তাঁর সাফল্য দেখে এলাকার অন্যান্য উদ্যোক্তা কৃষকরাও কমলা চাষে আগ্রহ প্রকাশ করছেন। বাণিজ্যিকভাবে কমলা চাষ করে ইতিমধ্যে সাড়া ফেলেছেন এই কৃষি উদ্যোক্তা। বাজারে কমলার চাহিদা বিবেচনায় নিয়ে বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে আরও লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
কাজী আনিছুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে বাণিজ্যিক ভিত্তিতে নার্সারি ব্যবসার পাশাপাশি বিভিন্ন ফলের চারা রোপণ করে আসছেন। এ বছর উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে বাণিজ্যিকভাবে কমলার চাষ শুরু করেছেন। প্রায় ১০ শতাংশ পতিত জমিতে কমলার বাগান গড়ে তুলেছেন। এতে বেশ ভালো ফলন হয়েছে। উৎপাদন খরচের তুলনায় বাজারমূল্য বেশি হওয়ায় তিনি কমলা চাষে আগ্রহী হয়েছেন। ইতিমধ্যে বাগানের পাকা কমলা বাজারজাত করাও শুরু করেছেন। তাঁর বাগান দেখতে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন দর্শনার্থীরা আসছেন।









