বরগুনার আমতলীতে নূরজাহান ক্লাব প্রাঙ্গণে ‘নূরজাহান ক্লাব স্মৃতি পাঠাগার’ নামে একটি পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ওই সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রঞ্জি চন্দ্র দাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল পাল ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন।
এর আগে সকাল ১১টায় তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। রোগীদের সুপেয় পানি পানের বিষয়টি বিবেচনা করে ওয়াশ ব্লকসহ একটি গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা গ্রহণ করেন।
পরে সকাল সাড়ে ১১টায় তিনি কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি আরমান খোরশেদ পাইলট হাই স্কুল ও মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ক্লাব ও বিতর্ক ক্লাবের উদ্বোধন করেন।
পরে তিনি ইউএনওর কার্যালয়ে ৫১ জন নির্যাতিত, অবহেলিত, অসহায় ও দুস্থ নারীর মাঝে ৫ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।









