বগুনার আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা শুরু হয়েছে। তবে পুলিশের দাবী ভিডিওটি নতুন নয়, পুরোনো।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একদল যুবক ঢাকা-আমতলী-কুয়াকাটা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। মিছিলে অংশ নেওয়া কারো কারো হাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা যায়। ওই সময় তাদের শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবেসহ ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।
আমতলী উপজেলা ছাত্রলীগ নেতা নবাব তালুকদারের নেতৃত্বে মিছিলে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নিয়েছেন বলে ভিডিওতে দাবী করা হয়। তার দাবি, শনিবার সকাল ৯টার দিকে আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছুরিকাটা এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে ওই এলাকায় খোঁজ নিয়ে ওই সময়ে এমন কোনো মিছিল অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। এছাড়া স্থানীয়রা কেউ সরাসরি মিছিল দেখেছেন বলে তা নিশ্চিত হওয়া যায়নি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওটি অনেক পুরোনো। সেটিকে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আজকে আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল করার কোনো ঘটনা ঘটেনি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, পুলিশের টহল অব্যাহত আছে।









