বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রাম থেকে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি সেলিম প্যাদা (৫৫) ও তাঁর স্ত্রী কহিনুর বেগমকে (৪০) আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২ নভেম্বর) গভীর রাতে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরের পর আদালতের মাধ্যমে তাঁদের বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বরগুনা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বরগুনা ডিবি পুলিশের এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে একদল সদস্য আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রামে চিহ্নিত মাদক কারবারি সেলিম প্যাদার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় সেলিম প্যাদা ও তাঁর স্ত্রী কহিনুর বেগমকে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক করা ইয়াবার অবৈধ বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে ডিবি পুলিশের হাতে আটক মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আমতলী থানায় সোপর্দ করা হয়। পরে তাঁদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালতের বিচারক তাঁদের বরগুনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ইয়াবাসহ আটক সেলিম প্যাদা ও তাঁর স্ত্রী কহিনুর বেগমের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামি দুজনকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









