“নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার(৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। এতে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হাসান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সঠিক নীতিনির্ধারণ, জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের গুরুত্ব অপরিসীম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যানের বিকল্প নেই। নির্ভুল তথ্য-উপাত্তের অভাবে নীতিনির্ধারণে ভুল হওয়ার আশঙ্কা থাকে। তাই প্রতিটি খাতে তথ্য সংগ্রহ ও নিয়মিত হালনাগাদ নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে টেকসই উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. আবু ইউসুফ, পিপিএম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধে সঠিক পরিসংখ্যান এবং নির্ভরযোগ্য তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হলে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার পাশাপাশি দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, দৈনিক গণদাবী পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া, মো. আনোয়ার হোসেন, জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পরিসংখ্যান বিভাগের প্রতিনিধিরা।
এ সময় বক্তারা তৃণমূল পর্যায় থেকে নির্ভুল তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও হালনাগাদের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সঠিক পরিসংখ্যান চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।









