গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। রোববার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জুলাই বিপ্লব কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একক অর্জন নয়। আওয়ামী লীগের দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তারা মূলত বর্তমান সরকারকে বিব্রত ও বেকায়দায় ফেলতে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে উল্লেখ করে নুরুল হক নুর বলেন, মানুষের জীবনমান উন্নয়ন এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ মূলত রাজনৈতিক আলোচনায় টিকে থাকতেই বিভিন্ন ধরনের ফাঁকা আওয়াজ দিচ্ছে। আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘আপনাদের উসকানি দিয়ে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। অথচ আপনাদের নেতারা শত শত কোটি টাকা পাচার করে বিদেশে আরাম-আয়েশ করছেন।’ উল্লেখ্য, দুই দিনের সফরে শুক্রবার রাতে পটুয়াখালীতে যান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এর আগে সকালে গলাচিপা উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।









