ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীতে বিএনপির পৃথক একটি পক্ষের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় শহরের ঝাউতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেরেবাংলা সড়কের সুরাইয়া ভিলার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও চেতনা তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।










